বড়লেখা প্রতিনিধি | ০৭ ডিসেম্বর, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল গ্রামের ১৪৬ ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী (উত্তরভাগ) গ্রামের ৫৬ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি পৃথকভাবে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৮৪ লাখ টাকা। গত সোমবার (০৪ ডিসেম্বর) বিকেলে উত্তরভাগ গ্রামে বিদুৎ সংযোগ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুক্তাদির সদাগর’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন গোলজার’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. শাহাব উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, নির্বাহী কর্মকর্তা সুহেল মাহমুদ, পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য শহিদুল আলম শিমুল, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন প্রমুখ।