Sylhet Today 24 PRINT

চাকরির পরীক্ষা দিতে গিয়ে লাশ হলেন সাইদুর

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জুন, ২০১৫

 ‘Life is a very nice story. We can not complete but die.’ সাইদুর রহমানের ফেসবুক ঘেঁটে পাওয়া যায় তাঁর সর্বশেষ এই স্ট্যাটাস। তিনি আর নেই, ফিরবেন না কোনদিনই। ২৪ তারিখে পোষ্ট করা তাঁর সেই স্ট্যাটাসেই শোকাহত কমেন্ট দিচ্ছেন বন্ধুরা। মেনে নিতে পারছেন না তাঁর মৃত্যু। শুধু ওই স্ট্যাটাস কেন সাইদুরের পুরো টাইমলাইনই এখন এক শোকবই।

একদিন সবারই মৃত্যু হবে। কিন্তু সেই মৃত্যু যদি হয় অকালে আর সাইদুরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেনে নেয়া সত্যি বড় কঠিন। সিলেট এম. সি কলেজের গণিত বিভাগ থেকে পাশ করা ছাত্র সাইদুর রহমান কর্ম জীবনে প্রবেশের জন্য ঢাকায় গিয়েছিলেন চাকরির পরীক্ষা দিতে। সেই পরীক্ষা দিতে যাওয়াই হয়ে গেল তাঁর জীবনের কাল! ফিরে আসা আর হল না তাঁর। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অকালে প্রাণ দিলেন এই তরুণ।

জানা যায়, গত শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত এক্সিম ব্যাংকের পরীক্ষায় অংশ নিতে ঢাকা যাওয়ার পথে গাড়িতে অজ্ঞান পার্টির কবলে পড়েন সাইদুর (২৬)। ছিনতাইকারীরা তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়ার পর  তাকে অজ্ঞান অবস্থায় ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে অর্ধচেতন অবস্থায় একটি গাড়ির সাথে ধাক্কা খান তিনি।  আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান তিনি।

সাইদুর সিলেট এম. সি. কলেজের শাল্লা ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন। ছাত্রলীগের রাজনীতির সাথেও জড়িত ছিলেন বলে জানা গেছে। তাঁর এই মৃত্যু নিয়ে বন্ধুমহলে চলছে শোক ও ক্ষোভ। তারা বলছেন প্রশাসনের ব্যর্থতায় অজ্ঞান পার্টির দাপটে রাস্তায় চলাচল অনিরাপদ হয়ে উঠছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.