Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদককে কেন্দ্রের হুশিয়ারি

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৭ ডিসেম্বর, ২০১৭

সংগঠনের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে হুশিয়ারী দিয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সাংবাদিকদের কাছে পাঠানো কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই হুশিয়ার উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, মিজানুর রহমান মৌলভীবাজার সদর, পৌরসভা ও রাজনগর উপজেলায় বর্তমান বৈধ কমিটির বিপরীতে নতুন কমিটি করছেন, যার কোন এখতিয়ার মিজানুর রহমান মিজানের নেই। এরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য মিজানকে নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুমকি প্রদান করেন রুহুল কবির রিজভী।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, মৌলভীবাজার পৌরসভা, রাজনগর ও সদর উপজেলা কমিটিসমূহ দলের সকল কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। এই দুই উপজেলা জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম. নাসের রহমানের নির্বাচনী এলাকা। এ সকল এলাকায় মিজানুর রহমানের কার্যকলাপে বিএনপির ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, চিঠির ব্যাপারে আমি মাত্র শুনলাম। সত্যতা পাইনি এখনো। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.