গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৮ ডিসেম্বর, ২০১৭
সিলেটের গোলাপগঞ্জের বাঘায় সিলেট সেনানিবাসে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শামীম উজ-জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের বিদ্যুৎ ব্যবস্থার সার্বিক উন্নয়ন আমাদেরকে আশান্বিত করেছে। আজকের এই বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধনের মাধ্যমে একটি স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে। এতে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ স্লোগানটি সর্বমহলে গ্রহণযোগ্যতা লাভ করছে।
বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের প্রশংসা করে তিনি বলেন, আজ দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ দেশের বিভিন্ন স্থানে যে সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের কাজ চলছে, তা চালু হলে জাতীয় অগ্রগতিতে অভাবনীয় সফলতা অর্জিত হবে।
তিনি পল্লি বিদ্যুৎ সমিতিগুলোর কর্মপ্রচেষ্টা প্রসঙ্গে বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে পল্লি বিদ্যুৎ সফল প্রতিষ্ঠানে নিজেদের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছে। এ সাফল্যের অগ্রযাত্রায় আমাদের সবার অংশগ্রহণ একান্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সেচ সুবিধা সৃষ্টি করে দিতে পল্লি বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর শতভাগ বিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড ও পল্লি বিদ্যুৎ সমিতি প্রশংসার দাবী রাখে।
সিলেট সেনানিবাসে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের পাশাপাশি বিদ্যুৎ সুবিধা দানে কোটি কোটি টাকা বরাদ্দ করে লাইন নির্মাণ করায় মেজর জেনারেল শামীম উজ-জামান পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি বোর্ড -১ এর সভাপতি হানিফ আহমদের সভাপতিত্বে ও সমিতির এজিএম মাসুদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড সিলেট অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মানবেন্দ্র লাল মুস্তাফি। বক্তব্য দেন সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি -১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুব আলম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম আবুল খায়ের ইকবাল আজিজ, ১৭ পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. শামীম কামাল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী জগলুল হায়দার, সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি -১ এর সহ সভাপতি ইমরান হোসেন বাবুল, সচিব- গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ কামরানুল ইসলাম কামরান, পরিচালক শফিউর রহমান শফি, পরিচালক মাহমুদ হোসেন মাসুম।
অন্যান্যের মধ্যে সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর জিএম আবু হানিফ মিয়া, বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ছানা মিয়া, গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুন অর রশীদ, বালাগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জহিরুল ইসলাম, জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ইসহাক আলী, বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম কমলেশ চন্দ্র বর্মণ, কেসিএল এর রি-ট্রেইনার প্রকৌশলী খুরশেদ আলম তালুকদার সহ সেনাবাহিনীর ও বিদ্যুৎ বিভাগের পদস্থ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মেজর জেনারেল শামীম উজ-জামান মোনাজাতের মাধ্যমে নবনির্মিত ৩৩/১১ কেভি ১০ এমভির এ বিদ্যুৎ উপকেন্দ্রের ফলক উন্মোচন করেন।
উল্লেখ্য, ১৭ পদাতিক ডিভিশনে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নিশ্চিত করতে সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি-১ ইতিমধ্যে প্রায় ২০ কোটি টাকার কাজ সম্পন্ন করেছে।