মাধবপুর প্রতিনিধি | ০৯ ডিসেম্বর, ২০১৭
হবিগঞ্জের মাধবপুরে দুই মাদক বিক্রেতাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোকলেছুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পানিহাটা গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন মিয়া (২৬) ও একই উপজেলার আফজালপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুজন মিয়া (২২)
ইউএনও মোকলেছুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মনতলা সীমান্ত ফাঁড়ির সদস্যরা ফাঁড়ির সামনে থেকে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করেন। এ সময় তাদের নিকট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরবর্তীতে রাত এগারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয়কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে থানায় হস্তান্তর করা হয়।
শনিবার সকালে সাজাপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয় বলেও জানান তিনি।