Sylhet Today 24 PRINT

নগরীর কাজিরবাজারে অগ্নিকাণ্ডে কাঠের গুদাম ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ডিসেম্বর, ২০১৭

নগরীর কাজিরবাজারে অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তা ও পুরাতন কাঠের গুদাম ভস্মীভূত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের কাজিরবাজারস্থ মেসার্স হা-মীম স্টোরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সিলেট, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগজের ৪টি ফায়ার সার্ভিস ইউনিট প্রায় ২ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মেসার্স হা-মীম স্টোরের মালিক মো. সিরাজ মিয়া বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে গুদামে আসি। এ গুদামের এক অংশে পাটের বস্তা ও অপর অংশে পুরাতন কাঠ এবং পুরাতন ফার্নিচার মজুদ করা ছিল। আগুনে গুদামের সকল মালামাল পুড়ে গেছে। ক্ষতির হিসেব এখনো করিনি।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মাস্টার শিমুল মো. রফিক জানান, সকাল সাড়ে ৯টার দিকে কাজিরবাজারে আগুন লগার খবর পেয়ে চারটি ইউনিটের কর্মীরা প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.