Sylhet Today 24 PRINT

বিশ্বনাথ মুক্ত দিবস আজ

বিশ্বনাথ প্রতিনিধি |  ১০ ডিসেম্বর, ২০১৭

আজ রোববার, ১০ ডিসেম্বর। সিলেটের বিশ্বনাথ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগরের দয়ামীর, কুরুয়া, নাজিরবাজার, রশিদপুর শত্রুমুক্ত করেন মুক্তিযোদ্ধারা।

শত্রুমুক্ত করে জানতে পারেন বিশ্বনাথের তৎকালীন ওসি আবুল হোসেন, দারোগা আলী হোসেন স্থানীয় রাজাকারদের নিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করতে দিচ্ছেন না। এ সংবাদে উত্তেজিত হয়ে প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুন-নূরের নেতৃত্বে স্থানীয় মুক্তিযোদ্ধারা থানা সদরে পৌঁছেন। এ সময় তারা পুলিশ ও রাজাকারদের সঙ্গে বাক যুদ্ধে লিপ্ত হন। অবশেষে রাজাকাররা পালালে গভীর রাতে থানা পুলিশ আত্মসমর্পনে বাধ্য হয়।

পরদিন ১০ ডিসেম্বর কমান্ডার আব্দুন-নূরের নেতৃতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিশ্বনাথে মহান বিজয়ের পতাকা উত্তোলন করা হয়। ওইদিন অধিক রাত হওয়ায় ১১ ডিসেম্বর সকালে রামসুন্দর অগ্রগামী হাইস্কুল মাঠে বিশাল বিজয় সমাবেশ করা হয়।

প্রয়াত মো. আব্দুল হক চৌধুরী ওরফে সমুজ মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর নূর ও বিশেষ অতিথি ছিলেন, ৫নং সেক্টর কমান্ডার ল্যান্স নায়েক মো. গোলাম মোস্তফা।

সমাবেশে বক্তব্য রাখেন, দেওয়ান শমসের রাজা চৌধুরী, থানা প্রশাসক আব্দুল মতলিব, কয়েছ চৌধুরী, আকমল আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.