Sylhet Today 24 PRINT

আম্বরখানা সিএনজি স্ট্যান্ডে দুর্বৃত্তদের হামলা, অটোরিক্সা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক |  ১০ ডিসেম্বর, ২০১৭

সিলেট নগরীর ব্যস্ততম এলাকা আম্বরখানা সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে আবারও হামলা চালিয়ে কয়েকটি অটোরিকশা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মুখে কালো কাপড় পরে এবং ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে যানবাহনগুলো তারা ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) বিকালে আম্বরখানা-বন্দরবাজার সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে এ ভাংচুরের ঘটনা ঘটে।

এর আগে গত ১৮ নভেম্বর একই স্ট্যান্ডে চাঁদার দাবিতে একদল যুবক সিএনজি অটোরিক্সা চালকদের উপর হামলা করেছিল। হামলার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জমির আহমদ ও রাজু আহমদ নামের দুইজনকে আটক করেছে।

স্ট্যান্ডের শ্রমিক নেতা আব্দুর রহমান হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার ও ককটেল নিক্ষেপ করে দাবি করে জানান, দীর্ঘদিন ধরে স্ট্যান্ডে চাঁদা দাবির করে আসছিল একদল লোক। তারা একটি ছাত্র সংগঠনের সঙ্গেও জড়িত। ধারণা করা হচ্ছে তারাই এ কাজটি করেছে। তিনি জানান, হামলার পরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ স্থান পরিদর্শন করেছে।

থানার এসআই শফিকুল ইসলাম জানান, হঠাৎ একদল লোক সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে এসে হামলা চালায়। ওই সময় অন্তত ৫টি সিএনজি অটোরিক্সা তারা ভাংচুর করে। মুখে কালো কাপড় বাঁধা থাকায় তাদেরকে চিহ্নিত করতে পারেনি কেউ। দুইজনকে আটক করা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.