কুলাউড়া প্রতিনিধি | ১০ ডিসেম্বর, ২০১৭
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে বসত ঘরের সামনের গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কান্তি হৃধন (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
কান্তি হৃধন চাতলাপুর চা বাগানের বেগুন টিলা শ্রমিক বস্তির চা শ্রমিক ধনা হৃধনের মেয়ে। সে শরীফপুর ইউনিয়নের তেলিবিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
জানা যায়, শনিবার রাত থেকে বাড়িতে ছিল না কান্তি হৃধন। মেয়েকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির পর নিজেদের বসত বাড়ির সামনের একটি চালতা গাছে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কান্তিকে দেখতে পান তার বাবা।
কান্তি হৃধনের বাবা ধনা হৃধন বলেন, চালতা গাছের কান্ডের একটু উপরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় কান্তিকে। তবে তার দুই হাঁটু ও পা মাটির সাথে লাগানো ছিল। বিষয়টি তাঁর কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে।
খবর পেয়ে কুলাউড়া থানার এসআই সনাক কান্তি দাশ রোববার দুপুরে ঘটনাস্থল থেকে সুরতহাল তৈরীর পর লাশ উদ্ধার করেন।
এসআই সনাক কান্তি দাশ জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ছাত্রীটি আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্ত ছাড়া আসল তথ্য পাওয়া যাবে না।