Sylhet Today 24 PRINT

ছয় দিন ধরে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী নিখোঁজ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১০ ডিসেম্বর, ২০১৭

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী তায়্যিব সায়েম (২৭) ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সায়েম ওই বিশ্ববিদ্যালয়ের এমবিএ ১ম বর্ষের ছাত্র, তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।

গত সোমবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি।

নিখোঁজ যুবক আবু তায়্যিব সায়েম গোলঅপগঞ্জ উপজেলার ফুলবাড়ি পূর্ব পাড়া গ্রামের মৌলানা আলতাফ হোসাইনের পুত্র। নিঁখোজের ঘটনায় শনিবার (৯ ডিসেম্বর) গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, আবু তায়্যিব সায়েম ৪ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে বের হয়। ওই দিন রাতে সে বাড়িতে ফিরতে দেরি করলে পরিবারের পক্ষ থেকে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে সে জানায়, সিলেটে তার এক বন্ধুর বাসায় রাত্রী যাপন করবে। পরদিন থেকে তার ব্যবহৃত মুঠোফোন (০১৭১২-৯৩০৫৬৮) বন্ধ পাওয়া যায়।

অনেক খোঁজাখুঁজির পরও সায়েমের কোন সন্ধান না পেয়ে তার মা শাহানা আক্তার শনিবার (৯ ডিসেম্বর) গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং- ৪৭৯) করেছেন।

এ বিষয়ে সায়েমের মামা মাসুদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আত্মীয়-স্বজন সহ সকল সম্ভাব্য স্থানে যোগাযোগ করেও ৬ দিন ধরে সায়েমের সন্ধান পাওয়া যায়নি।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসের জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ সায়েমের বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.