Sylhet Today 24 PRINT

প্রথম প্রহরে নয়, সিলেটে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হবে ভোরে

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ডিসেম্বর, ২০১৭

প্রতিবছর প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে শুরু হলেও এবার সিলেটে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হবে ১৬ ডিসেম্বর ভোর ৬টা ৩১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে। এর আগে সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

এ তথ্য নিশ্চিত করেছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

তিনি সিলেটটুডেকে জানান, "এটি সরকারি সিদ্ধান্ত। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম প্রহরে শ্রদ্ধা না জানিয়ে শ্রদ্ধা জানাতে হবে ভোর ৬টা ৩১ মিনিট থেকে।"

কেন এমন সিদ্ধান্ত নেয়া হলো এ বিষয়ে জানতে চাইলে রজত কান্তি গুপ্ত বলেন, "দেশের অনেক স্থানেই বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় সকালে। জাতীয় স্মৃতিসৌধেও সকালে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর অন্যান্য সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তি শ্রদ্ধা নিবেদন করেন। সম্ভবত এ কারণেই সিলেটেও ভোর থেকে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করতে বলা হয়েছে।"

নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত কি না এমন প্রশ্নের জবাবে নাট্য পরিষদের সাধারণ সম্পাদক জানান, "আমার মনে হয় না তেমন কোন কারণ আছে।"

প্রতিবারের মতো এবারও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় থাকবেন সম্মিলত নাট্য পরিষদ সিলেটের সদস্যরা।

এর আগে প্রশাসনের সিদ্ধান্তে সিলেটে গত ২৬ মার্চে স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন প্রথম প্রহরের পরিবর্তে ভোর ৫টা ৫৭ মিনিট থেকে শুরু হয়েছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.