নিজস্ব প্রতিবেদক | ১৫ ডিসেম্বর, ২০১৭
বিশ্বনাথে একটি বিদেশী পিস্তলসহ ৪জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। এসময় তাদের কাছে থাকা ৬টি মোবাইল, ৪টি সিম কার্ড ও একটি হাতঘড়িও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্বনাথ থানার নতুন বাজার রামপাশার একটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ ইসলাম হোসেন (২৮) বিশ্বনাথ থানার জানাইয়াত গ্রামের হাজী আব্দুল হকের পুত্র, মো. আব্দুস সামাদ (২৪), বিশ্বনাথ থানার মুফতিরগাঁও গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র, মো. ফরহাদ আলী (২২) বিশ্বনাথ থানার মীরের চর গ্রামের মো. আব্দুল মতলিবের পুত্র ও মো. শফিকুর রহমান (২৫) বিশ্বনাথ থানার ছালামপুর গ্রামের মৃত মো. আব্দুর রাজ্জাকের পুত্র।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল বিশ্বনাথ থানার নতুন বাজার রামপাশা এলাকার সিএনজি স্টেশনের রাজমহল সুইট এন্ড ফায়ার ফুডস দোকানের সামনে অভিযান চালিয়ে ইসলাম হোসেন, আব্দুস সামাদ, ফরহাদ আলী ও শফিকুর রহমান নামের চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছে থাকা ৬টি মোবাইল, ৪টি সিম কার্ড ও একটি হাতঘড়িও জব্দ করা হয় বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিটিতে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানায়, বিভিন্ন সময়ে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে দেশে অস্ত্র নিয়ে আসে এবং তাদের নিজ হেফাজতে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে ও কিছু কিছু সময়ে এই অস্ত্র ভাড়া দিয়ে থাকে।
এদিকে এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত সন্ত্রাসী এবং ছিনতাইকারীদের নিকট অস্ত্র বিক্রয় করে আসছিল তারা।
উদ্ধারকৃত পিস্তল এবং আটককৃত আসামীদেরকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।