Sylhet Today 24 PRINT

‘দেশবিনাশী প্রকল্প’ বাতিলের দাবিতে নগরনাটের প্রতিবাদী গান মিছিল ও পথ নাটক

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ডিসেম্বর, ২০১৭

রামপাল, রূপপুর সহ ‘দেশবিনাশী’ সকল কয়লা ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে গান মিছিল ও পথনাটক করেছে নগরনাট সিলেট।

বিজয় দিবসে বেলা সাড়ে ১১টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হয় এই গান মিছিল। এসময় নগরনাটের কর্মীরা ছাড়াও অন্যরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ডসহ জাতীয় সঙ্গীত গেয়ে নগরীর সড়ক প্রদক্ষিণ করেন। পরে গান মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

এরপর শহীদ মিনারের সামনের সড়কে নগরনাট পরিবেশন করে তাদের পথনাটক 'সুন্দরবন'। নাটকটিতে ফুটে ওঠে সুন্দরবন বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কিত সেখানে বসবাসরত পশু-পাখির আর্তনাদ। আহমেদ বাবলুর লেখা ও অরুপ বাউলের নির্দেশনায় নাটকটি উপভোগ করেন বিপুল সংখ্যক পথচারী দর্শক।

প্রতিবাদী আয়োজনের প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিলো, 'মানুষ আগুন লাগাইয়া দিলি পরাণের সুন্দরবনে', 'ষড়যন্ত্রের বিরুদ্ধে বুক টান টান করে দাঁড়া', আমার জমিন আমার আপন ঠিকানা, কার্বন-ছাই পাহাড় হতে দেব না' ইত্যাদি শ্লোগান।

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে নগরনাট সভাপতি অরূপ বাউল জানান, সরকার দেশের নানা স্থানে ভয়াবহ পরিবেশ দূষণকারী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা করছে। এগুলো বাস্তবায়িত হলে দেশের আকাশ-বাতাস-নদী-মাটি-জল ভয়াবহ দূষণের কবলে পড়ে পুরো দেশটাই একটা বিষাক্ত ভাগাড়ে পরিণত হবে। সারা বিশ্বের উদাহরণ সে কথাই বলে। ঠিক একই রকমভাবে সরকার জনগণের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়ে রাশিয়ান কোম্পানি ও দেশীয় লুটেরাদের স্বার্থে পাবনার রূপপুরে ব্যয়বহুল ও ভয়ানক বিপজ্জনক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে চলেছে। যে বিদ্যুৎকেন্দ্রে কোন দুর্ঘটনা হলে পুরো বাংলাদেশই পরিণত হবে এক মহাশ্মশানে।

তিনি বলেন, সোনার বাংলার সামনে যদি মহাশ্মশানে পরিণত হওয়ার হুমকি থাকে তাহলে পুরো জাতীয় সঙ্গীতই অর্থহীন হয়ে পড়বে। যদি আকাশ-বাতাস-নদী-মাটি-জলে থাকে কয়লার ভয়াবহ দূষণ আর পারমাণবিক তেজষ্ক্রিয়তা, তাহলে সেই বিষাক্ত আকাশ বাতাস কি করে আমাদের প্রাণে বাঁশি বাজাবে? এই প্রশ্ন আজ বাংলাদেশের প্রতিটি জনগণের সামনে। তাই আমরা জাতীয় সঙ্গীত গেয়ে ও নাটক প্রদর্শন করে এসব ক্ষতিকর প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.