Sylhet Today 24 PRINT

পরিবেশ নিয়ে এ কী কথা পরিবেশমন্ত্রীর! (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক |  ০৫ জুন, ২০১৫

"বাঘ রক্ষা করার জন্য আমাকে ১৩শ' মিলিয়ন (থার্টিন হান্ড্রেড মিলিয়ন ডলার) দিছে। আমি বক্তৃতায় বলছি যেখানে মানুষ রক্ষা করতে পারতেছিনা, এত্ত মানুষ...সেখানে আমি চারশো বাঘ রক্ষা করব? সুন্দরবনের মধ্যে বাঘে আর মানুষে ঘুমায়। তুই জানোস? আমি ওই এলাকা থেইকা আসছি। সুন্দরবনের মধ্যে মানুষ বসবাস করে। ধর তুমি বাঘ আমি মানুষ। বাঁচার অধিকার কার প্রথম? আমার। এখন যে দুই চারশো আছে...আল্লাহ জানে কত আছে। পয়সা দিছে লেইখা দিছি ৪৪০ টা । তাই না...এটা বাস্তব।"

সম্প্রতি সিলেট সফরে এলে পরিবেশবাদী একটি সংগঠনের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সিলেট সার্কিট হাউসে পরিবেশ মন্ত্রীকে রাতারগুল জলারণ্য রক্ষায় স্মারকলিপি প্রদান করে পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ। এসময় পরিবেশ সুরক্ষায় পরিবেশবাদী সংগঠন ও এনজিও সংস্থা নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেন মন্ত্রী।

অতি সম্প্রতি মন্ত্রীর এমন বেফাঁস কথাবার্তার ভিডিও সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের হাতে এসে পৌঁছেছে।

পরিবেশ রক্ষায় মন্ত্রীর পদক্ষেপ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন- "১৬ কোটি মানুষের দেশ নিয়া লুটপাট হইতেছে আর তুমি আমার ১৫টা গাছ নিয়ে হইচই করতেছ"।

পরিকল্পনাহীন বৃক্ষ নিধন বিষয়ে মন্ত্রীর দৃষ্টিগোচর করা হলে জাতীয় পার্টি(জেপি)'র চেয়ারম্যান মঞ্জু বলেন- "দক্ষিণাঞ্চলে তো গ্যাস নেই, ওখানে গাছ না কাটলে মানুষ রান্নাবান্না করবে কি দিয়ে?"

পরিবেশবাদী সংগঠন ও এনজিও বিষয়ে মন্ত্রী বলেন, "এনজিও একটা ব্যবসা, সবচেয়ে বড় ব্যবসা"

বিদেশিদের অর্থে পরিবেশ নিয়ে কথাবলা হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, "আমরা এখন পরিবেশ নিয়ে কথা বলছে কেন? কারণ বিদেশীরা আমাদের পয়সা দেয়"। উপস্থিত এক পরিবেশবাদী সংগঠনের কর্মীকে উদ্দেশ্য করে বলেন, "তোমাকে না দেয় আমাকে দেয়।"

পশ্চিমা বিশ্বের দিকে ইঙ্গিত করে মঞ্জু বলেন, "ওই বিদেশীরা এখন ধান্দা তুলছে পরিবেশ বাঁচাও, পরিবেশ বাঁচাও। তারাই আবার সরকারকে দেয় ৩ পয়সা, বেসরকারিদের দেয় ২ পয়সা। আর পরিবেশ দূষণ করতেছে তো তারা। কলকারখানা চালাইয়া, প্লেন চালাইয়া, জাহাজ চালাইয়া। আমারা যেন প্রতিবাদ না করি সেজন্য আমাদের পকেটে ২ টাকা দিয়ে বলে- নে যা পরিবেশ ঠিক কর।"

প্রায় ১৬ মিনিট দীর্ঘ আলোচনায় পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে মন্ত্রী অশ্রাব্য ভাষায়ও আক্রমণ করেন।

উল্লেখ্য, রাতারগুল জলারণ্যে বন বিভাগের ওয়াচ-টাওয়ার নির্মাণ নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন থেকে আপত্তি জানিয়ে আসছিল। রাতারগুলের পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষায় পরিবেশ ও বনমন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানানো হচ্ছে বেশ অনেকদিন থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.