Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে প্রতারণা মামলায় পুত্রসহ সাবেক পৌর কমিশনার কারাগারে

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০১৭

বিদেশ পাঠানোর নামে ৭ লাখ ৬০ হাজার আত্মসাতের অপরাধে প্রতারণা মামলায় জগন্নাথপুরের সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান ঝুনু (৫৪) ও তার পুত্র আবু পারভেজ রনি (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৭ ডিসেম্বর) আদালত থেকে জামিন নিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে জগন্নাথপুর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান মজুমদার কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ইমদাদুর রহমান ও আসামি পক্ষে এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল জানান, ফ্রান্স পাঠানোর কথা বলে দিরাই বড় নগদীপুর থানার বর্তমানে জগন্নাথপুরে বসবাসরত নুরুল হকে পুত্র ফয়ছল হাসানের কাছ থেকে বিভিন্ন একাউন্টের মাধ্যমে ৭ লাখ ৬০ হাজার টাকা নেয় আবু সুফিয়ান ঝুনু ও তার পুত্র আবু পারভেজ রনি। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তারা ফয়ছল হাসানকে ফ্রান্সে পাঠাতে ব্যর্থ হলে বাদীপক্ষের প্রদানকৃত টাকাগুলো ফেরত নিতে অপারগতা প্রকাশ করেন আসামীদ্বয়। এমনকি বাদীপক্ষের কাছ থেকে নেয়া টাকা অস্বীকার করেন এবং দেখে নেয়ার হুমকি দেন।

আদালত পুলিশের মাধ্যমে তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে পায়। রোববার তারা আদালতে জামিন নিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.