Sylhet Today 24 PRINT

‘মানসিক সুস্থতার’ প্রত্যাশায় পরিবেশমন্ত্রীকে ‘ঔষধিস্নান’

নিজস্ব প্রতিবেদক |  ০৫ জুন, ২০১৫

পরিবেশ দিবসে পরিবেশ মন্ত্রীকে প্রতীকি ঔষধিস্নান করালো পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ। পরিবেশ মন্ত্রীসহ এই মন্ত্রনালয়ের কর্মকর্তাদের বোধদয়ের প্রত্যাশায় এই ব্যতিক্রমী কর্মসূচীটি পালন করা হয় বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের নেতারা।

শুক্রবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়।

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রতিকৃতি তৈরি করে নিমপাতা ধোয়া পানিতে স্নান করিয়েই এই শুদ্ধি কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে অন্যান্য পরিবেশবাদী সংগঠনের নেতারাও অংশ নেন। ঔষধি গাছের ছোঁয়ায় 'মানসিকতা পঁচে যাওয়া' মন্ত্রী ও কর্মকর্তারা মানসিকভাবে সুস্থ হয়ে উঠবে এমন প্রত্যাশা আয়োজকদের।

উল্লেখ্য, সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সিলেট সফরে আসলে সিলেটের জলারণ্য রাতারগুল রক্ষায় স্মারকলিপি প্রদান করে ভূমিসন্তান বাংলাদেশ। এসময় পরিবেশ, পরিবেশকর্মী ও এনজিও সংস্থা নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেন মন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রীর সেসব বিতর্কিত মন্তব্যের একটি ভিডিওচিত্র ও সংবাদ প্রচার করে সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকম। এ অবস্থায় আজ পরিবেশ মন্ত্রীকে আজ ঔষধি বৃক্ষ দিয়ে স্নান করালো ভূমিসন্তান বাংলাদেশ।

ভূমিসন্তানের সংগঠকরা জানান, বিশ্ব আজ পরিবেশ বিপর্যয়ের সম্মুখিন। মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য এই পরিবেশের বিষয়ে সাধারণ মানুষ যেমন উদাসীন, তার থেকে বেশি উদাসীন ও অজ্ঞ এই বন এবং পরিবেশের দায়িত্বে নিয়োজিত কর্তাব্যক্তিরা। যাদের বেশিরভাগই পরিবেশ সম্পর্কে ন্যুনতম ধারণাও রাখেন না বা রাখতে চান না। তাদের এই পঁচে যাওয়া মানসিকতাকে শুদ্ধ করতে শুদ্ধি কর্মসূচি হিসেবে এই প্রতীকি ঔষধিস্নান করায় ভূমিসন্তানরা।

ভূমিসন্তান বাংলাদেশ’র ‘ঔষধিস্নান’ কর্মসূচিতে সংহতি জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’ সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, শাবিপ্রবি’র পরিবেশবাদী সংগঠন ‘গ্রীণ এক্সপ্লোর সোসাইটি’র সংগঠন আকিব হাসান।

ভূমিসন্তান বাংলাদেশ’র সমন্বয়ক আশরাফুল কবীরের সঞ্চালনায় আয়োজিত ‘ঔষধিস্নান’এ সিলেটের বিভিন্ন স্তরের পরিবেশ সংগঠক, পরিবেশ কর্মী ও পরিবেশপ্রেমী সাধারণ লোকজন অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-সিলেট এর সহ-সভাপতি ও সিলেট জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, অঙ্গীকার বালাদেশ-এর সমন্বয়ক অ্যাডভোকেট মঈন উদ্দিন জালাল, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রশিদ রেনু, গ্রীণ এক্সপ্লোর সোসাইটির সভাপতি অর্চিষ্মান দত্ত, সস্কৃতিকর্মী সিরাজ উদ্দিন শিরুল, সাংবাদিক ইকবাল মাহমুদ, আহমাদ সেলিম, গুলজার আহমদ, রাসেল আহমদ রাসেল, মেহেদী হাসান জনি, কয়সর আহমদ, জুম্মান আহমদ, ভূমিসন্তান বাংলাদেশ-এর সংগঠক আনিস মাহমুদ, বিপ্লব দেব, দ্বোহা চৌধুরী, শুয়াইব হাসান, মাহবুব আলম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.