Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের জন্য উন্মুক্তকরণসহ ৫ দাবিতে প্রতিকী অনশন

হবিগঞ্জ প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিকের জন্য প্রেসক্লাব উন্মুক্তকরণ, অসাংবাদিকদের বহিষ্কার ও যোগ্যদের মূল্যায়নসহ ৫ দফা দাবিতে প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে জেলা সদরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে তারা ২৪ ডিসেম্বর অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

প্রতিকী অনশন পালনকালে সাংবাদিকরা বলেন, গুটি কয়েক সাংবাদিক প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছেন। যাদের অনেকেই বর্তমানে কোন মিডিয়ায় কর্মরত নেই। এমনকি তারা সাংবাদিকতা পেশায়ও নেই। ফলে প্রেসক্লাব একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যাচাই বাছাই করে তাদেরকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করে জেলার সাংবাদিকদের জন্য অন্তর্ভুক্ত করতে হবে। প্রেসক্লাবের কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জামাদি সাংবাদিকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে হবে।

প্রেসক্লাবে বিভিন্ন সময় আর্থিক অনিয়ম হয়েছে বলে সন্দেহ পোষণ করে তারা সরকারিভাবে তা নিরীক্ষা করে জনসম্মুখে প্রকাশের দাবি জানান। এ ক্ষেত্রে আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যথাযথ দেখভাল না থাকায় সরকারের দেয়া প্রেসক্লাবের জমি আশপাশের বাসিন্দারা অবৈধভাবে দখল করে নিয়েছেন। তারা ওই জমি মাপজোক করে উদ্ধার করে প্রেসক্লাবকে বুঝিয়ে দেয়ার দাবি জানান।

তারা বলেন, প্রেসক্লাবের তৃতীয় তলা সাংবাদিকদের ব্যবহারের জন্য রেস্ট হাউজ করতে হবে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সদস্য সংখ্যা বাড়িয়ে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে কার্যকরী কমিটি গঠন করতে হবে।

তারা আরো বলেন, দ্রুত এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা না হলে আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচিতে কেউ অসুস্থ হলে তার দায়-দায়িত্ব সকলকেই বহন করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি আব্দুল হালীম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, ডিবিসি নিউজ’র জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, এসএ টিভি জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, ডেইলী ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মো. মুজিবুর রহমান, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মো. ফয়সল চৌধুরী, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. মামুন চৌধুরী, ডিটিভি বাংলা’র জেলা প্রতিনিধি মো. রহমত আলী, চ্যানেল এস এর সহকারী জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন, সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি শাকিলা ববি, দৈনিক দিনের শেষে জেলা প্রতিনিধি শাহ কামাল সাগর, দৈনিক প্রভাকরের স্টাফ রিপোর্টার আব্দুল হাই, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আব্দুল কাদির প্রমুখ।

উল্লেখ্য, এর আগে ৩ ডিসেম্বর জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং ৯ ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্যের কাছে এসব দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া ১৩ ডিসেম্বর স্থানীয় নিমতলা প্রাঙ্গণে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন ও ১৮ ডিসেম্বর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.