Sylhet Today 24 PRINT

পুরাতন খোয়াই নদীর অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে: তোফাজ্জল সোহেল

হবিগঞ্জ প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০১৭

দখল-দূষণমুক্ত পুরাতন খোয়াই চাই, স্বাস্থ্যকর নগরী চাই-স্লোগানকে নিয়ে দুই দিনব্যাপী ‘নদী দেখি, ছবি আঁকি’ কর্মসূচী সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে মেজর জেনারেল এম.এ. রব স্মৃতিঘর সংলগ্ন ভরাটকৃত পুরাতন খোয়াই নদীতে এই কর্মসূচী শেষ হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার কর্মসূচীর আয়োজন করে। তরুণ চারুশিল্পীদের আঁকা ছবিতে পুরাতন খোয়াই নদীর বিভিন্ন অংশের দখল ও দূষণের চিত্র ফুটে উঠে। ছবি আঁকা কর্মসূচীতে অংশগ্রহণ করেন প্রসেনজিৎ চৌধুরী শিবু, আশীস আচার্য্য, নিরঞ্জন মণ্ডল, দিপ্ত আচার্য্য, রিংকু দাস, মৌমিতা দাস প্রমুখ।

ছবি আঁকা কর্মসূচী সম্পর্কে বাপা জেলা সেক্রেটারি ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, নদী রক্ষায় সচেতনতা, দখল-দূষণের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদী হওয়ার আহ্বান জানানোর জন্য নিয়মিত আন্দোলনের অংশ হিসেবে নদীর বর্তমান চিত্র রং তুলির মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের এই কর্মসূচি।

তিনি বলেন, শহরের বুক চিরে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য পুরাতন খোয়াই নদীর অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। এখনই পুরাতন খোয়াই নদী দখলমুক্ত না করলে এই অঞ্চলে মানবিক বিপর্যয় নেমে আসবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.