Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে শীতের শুরুতেই পিঠা বিক্রির ধুম

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং  |  ২২ ডিসেম্বর, ২০১৭

শীত আসতে না আসতেই বানিয়াচংয়ের বিভিন্ন বাজারের ফুটপাতে জমে উঠেছে পিঠা বিক্রি। সন্ধ্যার পরেই এসব বাজারে অস্থায়ী দোকানে ধোঁয়া উঠা ভাপা পিঠার স্বাদ নিতে ভীড় করেন নানা বয়সের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বাজারের অলিগলি রাস্তার মোড়ে মোড়ে এই শীতে পিঠা খাওয়া ও বিক্রির ধুম পড়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে পিঠা বিক্রি ও খাওয়া।

সরেজমিনে বানিয়াচংয়ের গ্যানিংগঞ্জ বাজার, বড়বাজার, আদর্শবাজার, ৫/৬নং বাজার উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা ও বাস স্ট্যান্ডে দেখা গেছে পিঠা বিক্রির ধুম। আবার অনেক স্থানে ভ্যান গাড়িতে করে রাস্তায় রাস্তায় পিঠা বিক্রি করতে দেখা গেছে।

পিঠা বিক্রেতা সবুজ মিয়া জানান, নতুন খেজুরের গুড় ও নতুন চাল দিয়ে ভাপা পিঠা বানানো হয়। গরম পানির তাপে (ভাপে) এই পিঠা তৈরী হয় বলে একে ভাপা পিঠা বলা হয়। এই পিঠাকে আরও সুস্বাদু ও মুখরোচক করতে নারিকেল ও গুড় ব্যবহার করা হয়। পিঠা তৈরীতে একটি পাতিল ও ঢাকনা ব্যবহার করা হয়ে থাকে।

অন্যদিকে বিভিন্ন রমের ভর্তার পিঠাও রয়েছে। যাতে কাঁচামরিছ ও সরিষাভাটা থাকে। এ ধরনের পিঠা মানভেদে ৫ থেকে ১০টাকায় বিক্রি হয়।

গ্যানিংগঞ্জ বাজারের পিঠা বিক্রেতা আব্দুল আলিম জানান, অন্যান্য সময়ে তিনি রাজমিস্ত্রি কাজে ব্যস্ত থাকেন। কিন্তু শীতের সময় তিনি পিঠা বিক্রির কাজ করেন। এ ব্যবসায় অল্প পুঁজি লাগে বলে তেমন কোন সমস্যা হয়না। এছাড়া লাভও ভাল হয়। কোন কোন দিন হাজার টাকাও লাভ হয় বলে জানান এই ভ্রাম্যমান পিঠা বিক্রেতা।

পিঠা বিক্রেতা সুফিয়া খাতুন জানান, এই পিঠা দাম কম হওয়ায় সব ধরণের মানুষই এখানে ভীড় করেন পিঠা খেতে। তিনি ভাপা পিঠার সাথে সাথে চিতল পিঠাও বিক্রি করেন। কেউ কেউ আবার পিঠা কিনে নিয়ে যায় বাসার সবাই মিলে খাওয়ার জন্য। এখানে পিঠা খেতে আসা  

সাংবাদিক তোফায়েল রেজা সোহেল জানান, শীতের সাথে পিঠার যে একটা নিবিড় সম্পর্ক তা ভাপা ও চিতল পিঠা খাওয়ার মধ্যেই বোঝা যায়। আর বন্ধুদের সাথে নিয়ে তা খেতে মজাই আলাদা। প্রায় দিনই তিনি এখানে পিঠা খেতে আসেন বলে এই প্রতিবেদককে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.