সিলেটটুডে ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের মূল উৎসবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন- ‘মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবদান অনন্য অসাধারণ। এক্ষেত্রে আমি উল্লেখ করতে পারি আমার বন্ধু ড. আনিসুজ্জামান, তৎকালীন ভিসি ড. এ আর মল্লিকের কথা। বিশেষ করে উল্লেখ করা যায় চট্টগ্রামের সবাই মুক্তিযুদ্ধের স্বপক্ষেই অবস্থান নিয়েছিলেন। কেউ স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেননি। সেই সব কীর্তিমানদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশাকরি আপনারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন।’
তিনি শুক্রবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের নিকটবর্তী অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, সিলেট’ উদ্যোগে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ বছর দুদিন ব্যাপী প্রাক্তণ শিক্ষার্থীদের আনন্দঘন মূল উৎসব শুক্রবার সকাল ১০ টায় উদ্বোধন করেন সিকৃবির ভিসি প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম। মিলনমেলায় প্রায় ৬০০ প্রাক্তন শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
ক্লাবের সভাপতি অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবির সাবেক ভিসি মাজহারুল হক শাহ চৌধুরী, সাবেক ছাত্র নেতা মনজুরুল আলম, মোকাদ্দেস আলী মজুমদার শাহীন, ড. আহমদ আল কবীর, অধ্যাপক রফিকুর রহমান, তফজ্জুল হোসেন তপু, উপাধ্যক্ষ শফিক উদ্দিন, সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জি, অধ্যাপক সুজাত আলী রফিক, অধ্যক্ষ ও সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী ফরিদী, ইমতিয়াজ আহমদ বুলবুল, উদযাপন পর্ষদের আহ্বায়ক নাজমুল হক, ক্লাবের সাধারণ সম্পাদক ও উদযাপন পর্ষদের সদস্য সচিব এটিএম সোয়েব।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল হান্নান সেলিম, অধ্যাপক সাব্বির আহমদ, আমিনুল ইসলাম লিটন, সেতাব উদ্দিন খান, অধ্যাপক দেবাশীষ দেব, ইমতিয়াজ আহমদ বুলবুল, বদরুল ইসলাম শোয়েব, হুমায়ূন কবীর, হিমাংশু রঞ্জন দাস, অধ্যাপক আব্দুল জলিল, হারুনুর রশীদ প্রমুখ।