Sylhet Today 24 PRINT

সকলের সহযোগিতায় ইয়াহিয়াকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে: মো. হাবিবুল্লাহ

দিরাই প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০১৭

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেছেন হাওরপাড়ের মানুষের নিরাপত্তা দিতে পুলিশ বদ্ধপরিকর। 'পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। ১৬ ডিসেম্বর রাতে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী হোমায়ারা আক্তার মুন্নীকে বাসায় ঢুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে ইয়াহিয়া। মুন্নী হাসপাতাল নেওয়ার পথে মারা যায়। প্রযুক্তির সাহায্যে অতি দ্রুত সিলেট জালালাবাদ থানা এলাকা থেকে ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে দিরাই উপজেলা গণমিলনায়তন হলে দিরাই শাল্লার জনস্বার্থে এফবি গ্রুপের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি দেখেছি ঘাতক ইয়াহিয়াকে গ্রেপ্তার করতে দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার ও দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল সহ একটি বিশেষ টিম টানা ৫ দিন অভিযান চালিয়ে অবশেষে সকলের সহযোগিতায় আমরা তাকে আটক করি। আপনারদের থানার ওসি মোস্তফা কামাল অত্যন্ত আন্তরিক আপনাদের যে কোন অভিযোগ থানায় জানাবেন পুলিশ বাহিনী জনগণের সেবায় নিয়োজিত। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি দিরাই শাল্লার জনস্বার্থে এফবি গ্রুপ সংশ্লিষ্ট সকলকে এ রকম উদ্যোগ গ্রহণ করার জন্য।

সাংবাদিক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় ও গ্রুপের এডমিন সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, সময় টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সর্দার রুমী, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আলমগীর কবির।

বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া, এভারগ্রিণ মুক্ত রোভার স্কাউট গ্রুপ ইউনিট লিডার ফখরুল আমিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান চৌধুরী,কল্লোল তালুকদার, দিরাই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন, কালনী ভিউ বিশেষ প্রতিনিধি সালমান আহমদ, স্কাউট লিডার তায়েফ চৌধুরী, হাম্মাদ আহমদ, নাবিল চৌধুরী প্রমুখ।

পরে দিরাই শাল্লার জনস্বার্থে এফবি গ্রুপের পক্ষ থেকে স্কুল ছাত্রী মুন্নীর ঘাতক ইয়াহিয়াকে দ্রুত গ্রেপ্তার করায় অভিযানে নেতৃত্বদানকারী অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) মো. হাবিবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল বেলায়েত হোসেন শিকদার ও দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.