গোলাপগঞ্জ প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৭
সিলেটের গোলাপগঞ্জে তুফায়েল আহমদ দিপু (১৮) নামের ব্যবসায়ী তরুণ খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে ২ জনকে এবং পরে আরেকজন সহ মোট ৩ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে তাদের আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদের আটককৃতরা হলো দিপুর আপন চাচা অপুল আহমদ (৪৫), চাচাতো ভাই অনিক আহমদ (২০) ও তার বন্ধু একই এলাকার আলাউদ্দিনের পুত্র লায়েক আহমদ (২১)।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসের বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখন কিছু বিস্তারিত বলা যাচ্ছেনা। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর রোববার গভীর রাতে উপজেলার দক্ষিণ রায়গড় গ্রামের সৌদি প্রবাসী ওবুদ মিয়ার একমাত্র পুত্র ব্যবসায়ী তুফায়েল আহমদ দিপুকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার বাড়ির পুকুর পারেই ফেলে রেখে যায়। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। দিপুর ঢাকা-দক্ষিণ বাজারে একটি মোবাইলের দোকান ছিল বলেও জানা যায়।