মাধবপুর প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৭
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়া উদ্দিনকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আন্ত:জেলা ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে মাধবপুর উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের মৃত খুর্শেদ মিয়ার ছেলে হারিছ মিয়া (৩৫), একই উপজেলার চাপড়তলা গ্রামের সুজন মিয়ার ছেলে চনু মিয়া (৩২)।
মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর রাতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক চুরি, ডাকাতির মামলা রয়েছে। তারা আন্ত:জেলা ডাকাতদলের সক্রিয় সদস্য।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, ১১ ডিসেম্বর রতনপুর ছাতিয়াইন সড়কে ডাকাতির প্রস্তুতির সময় ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের এসআই জিয়া উদ্দিন ডাকাত দলের কবলে পরেন। এতে ডাকাতের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এএসআই ইব্রাহিম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে।