Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের নতুন ইউনিয়ন ব্রাহ্মনডুড়া

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০১৭

নতুন পরিচয়ে ভোট দিচ্ছি আজ। এর আগে ভোট দিয়েছি নুরপুর ইউনিয়নের ভোটার হিসেবে। আজ নতুন ইউনিয়নের বাসিন্দা হয়ে ভোট দিলাম।' কথাগুলো বলেন হবিগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মনডুড়া ইউনিয়নের ভোটার আবদাল মিয়া।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) হবিগঞ্জ সদর উপজেলার ৭নং নুরপুর ও ১১ নং ব্রাহ্মনডুড়া ইউনিয়ন নির্বাচন হয়েছে। এর আগের ইউপি নির্বাচনে সীমানা সংক্রান্ত জটিলতার জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এই এলাকার ভোটাররা। তাই উৎসব আমেজে ভোট দিয়েছেন হবিগঞ্জের নতুন ইউনিয়ন ব্রাহ্মনডুড়া ভোটাররা। এই নির্বাচনের মাধ্যমে হবিগঞ্জ সদর উপজেলায় ১১ নং ব্রাহ্মনডুড়া ইউনিয়নের আত্মপ্রকাশ হয়েছে।

নতুন ইউনিয়ন হওয়াতে এলাকাসীর আশা আকাঙ্ক্ষাও বৃদ্ধি পেয়েছে জনপ্রতিনিধিদের প্রতি। তারা মনে করছেন স্বতন্ত্র ইউপি হওয়াতে জনপ্রতিনিধিরা উন্নয়ন কর্মকাণ্ড আরো বৃদ্ধি করতে পারবেন।

ভোট দিতে আসা ব্রাহ্মমডুড়া ইউনিয়নের শৈলজুরা গ্রামের সালেকা খাতুন বলেন, ‘আগে আমরা নুরপুর ইউনিয়নে ছিলাম। এলাকা বড় ছিল তাই চেয়ারম্যান মেম্বাররা চাইলেও অনেক সেবা আমাদের দিতে পারতেন না। ব্রাহ্মনডুড়া আলাদা ইউনিয়ন হওয়াতে আশা করছি এখন আর সরকারি সেবা থেকে কেউ বঞ্চিত হবে না।

পাচহাল গ্রামের নূরজাহান বলেন, ‘জীবনের প্রথম ভোট দিয়েছি তাই ভাল লাগছে, কিন্তু নতুন ইউনিয়নে নতুন ভোটার হয়ে ভোট দিচ্ছি তাই ভাল লাগার পরিমাণটা একটু বেশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.