সিলেটটুডে ডেস্ক | ০৬ জুন, ২০১৫
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
সরকারের বড় আখাংকা দেশ থেকে দারিদ্র বিমোচন করা। দেশের সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণের বড় ধরনের অবদান রয়েছে। পাশের অনেক দেশের তুলনায় বাংলাদেশ সামাজিক উন্নয়নের সূচকে অনেক এগিয়ে আছে। বাস্তবিক অর্থেই আমাদের দারিদ্রতা বিমোচন ও নিপীড়িত জনগণের সহযোগিতায় কাজ করতে হবে।
ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর উদ্যোগে ‘আঞ্চলিক উন্নয়নে ক্ষুদ্রঋণ/ক্ষুদ্রউদ্যোগঃ ব্যাংক-ক্ষুদ্রঋণ সংস্থা অংশীদারিত্ব’ শীর্ষক আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ শনিবার নগরীর তালতলাস্থ বাংলাদেশ ব্যাংক সম্মেলন কক্ষে সিলেট বিভাগে ক্ষুদ্রঋণ পরিচালনাকারী সংস্থা এবং ব্যাংকসমূহের অংশগ্রহণে এ আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জুলফিকার মসুদ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর মোঃ আবুল কাসেম। সিডিএফ-এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন ও মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর উপমহাব্যবস্থাপক মোঃ শাখাওয়াৎ হোসেন ভুঁইয়া।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ, সিলেট-এর নির্বাহী পরিচালক জেহীন আহমদ, সিডিএফ গভর্নিং বডি, ঢাকা-এর ভাইস চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ ইমাম হাসানাত প্রমুখ।