হবিগঞ্জ প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৭
হবিগঞ্জের নবগঠিত উপজেলা শায়েস্তাগঞ্জের নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে উভয়টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। বিএনপির ভরাডুবি ঘটেছে উভয় ইউনিয়নে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তফন জ্যোতি অসীম বেসরকারিভাবে এই ফলাফল প্রকাশ করেন।
নুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৩ হাজার ৩২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. মুখলেছ মিয়া, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনিত প্রার্থী এবং টানা ৭ বারের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বেলাল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৮৬ ভোট। এছাড়া আনারস মার্কায় ২ হাজার ৪২১ ভোট পেয়ে ৩য় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাইয়ুম ফারুক।
অপরদিকে ব্রাহ্মণডুরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী হোসাইন মো. আদিল জজ মিয়া নৌকা প্রতীকে ৩ হাজার ৩৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলাম রানু ঘোড়া প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬১০ ভোট। এছাড়া বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী আবু তাহের ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬৫ ভোট।
শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তর করার প্রক্রিয়ার অংশ হিসাবে নুরপুর ইউনিয়নকে বিভক্ত করে ব্রাহ্মণডুরা ইউনিয়ন গঠিত হয়। নুরপুর ইউনিয়নের বিভক্তি নিয়ে হাইকোর্টে রিট থাকায় নির্ধারিত সময়ে এই দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরবর্তিতে রিটের নিস্পত্তি হলে নির্বাচন আয়োজন করা হয়েছে।