Sylhet Today 24 PRINT

প্রতিবেশী অনেক দেশের তুলনায় সামাজিক উন্নয়নে বাংলাদেশ এগিয়ে : সিলেটে এম এ মান্নান

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুন, ২০১৫

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. আবদুল মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারের বড় আকাঙ্খা দেশ থেকে দারিদ্র বিমোচন করা।

তিনি বলেন, দেশের সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণের বড় ধরনের অবদান রয়েছে। পাশের অনেক দেশের তুলনায় বাংলাদেশ সামাজিক উন্নয়নের সূচকে অনেক এগিয়ে আছে। বাস্তবিক অর্থেই আমাদের দারিদ্রতা বিমোচন ও নিপীড়িত জনগণের সহযোগিতায় কাজ করতে হবে।

ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর উদ্যোগে ‘আঞ্চলিক উন্নয়নে ক্ষুদ্রঋণ/ক্ষুদ্রউদ্যোগঃ ব্যাংক-ক্ষুদ্রঋণ সংস্থা অংশীদারিত্ব’ শীর্ষক আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শনিবার নগরীর তালতলাস্থ বাংলাদেশ ব্যাংক সম্মেলন কক্ষে সিলেট বিভাগে ক্ষুদ্রঋণ পরিচালনাকারী সংস্থা এবং ব্যাংকসমূহের অংশগ্রহণে এ আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জুলফিকার মসুদ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর মোঃ আবুল কাসেম।

সিডিএফ-এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন ও মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর উপমহাব্যবস্থাপক মোঃ শাখাওয়াৎ হোসেন ভুঁইয়া।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ, সিলেট-এর নির্বাহী পরিচালক জেহীন আহমদ, সিডিএফ গভর্নিং বডি, ঢাকা-এর ভাইস চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ ইমাম হাসানাত প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর মোঃ আবুল কাসেম বলেন, দারিদ্রতা বিমোচনে এদেশের এনজিওরা অত্যন্ত সফলভাবে কাজ করে যাচ্ছে। এজন্য দেশের দারিদ্রতা অনেকটা কমে গেছে। দেশের উৎপাদন অনেকাংশে বেড়েছে। যা দেশ ও জাতির জন্য অত্যন্ত ভাগ্যের ব্যাপার।

বক্তারা বলেন, এদেশের গার্মেন্টস শ্রমিকদের পরিশ্রম, প্রবাসীদের রেমিটেন্স ও এনজিওদের কল্যাণে দেশ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এনজিওরা দেশের একটি শক্তিশালী সংগঠন। এই সংগঠনকে নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। তাহলেই দেশ একটি সুখি ও সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের সামনে মাথা উচু করে দাড়াতে পারবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.