Sylhet Today 24 PRINT

হাওরে বন্যার প্রভাব জেএসসির ফলাফলেও

নিজস্ব প্রতিবেদক |  ৩০ ডিসেম্বর, ২০১৭

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফলেও প্রভাব পড়েছে হাওরে অকাল বন্যা ও ফসলহানির। এবছর জেএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে পাশের হার ৮৯ দশমিক ৪১ শতাংশ। যেখানে ৯২.০৪ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে সিলেট জেলা সেখানে ৮৭.৪৩ শতাংশ নিয়ে সুনামগঞ্জ জেলা রয়েছে সবচেয়ে পিছিয়ে।

এর কারণ হিসেবে সিলেট শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা বলছেন হাওরে বন্যার কারণে ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে। গত মার্চ এপ্রিলে হাওরে বন্যায় তলিয়ে যায় বিস্তীর্ণ ফসল। বন্যায় ডুবে যায় হাওরাঞ্চলের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। এতে ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রক মো.কবির আহমদ কর্তৃক সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এবারের জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় করা সংবাদ সম্মেলনে তাঁর বক্তব্যেও ভাটি অঞ্চলে বন্যার প্রভাবের বিষয়টিও উঠে আসে।

এসময় তিনি বলেন, সার্বিক ফলাফলে আমরা সন্তুষ্ট। তবে ভাটি অঞ্চলে বন্যার প্রভাব এবং গণিত ও ইংরেজি বিষয়ে ফলাফল কিছুটা খারাপ হওয়ায় পাসের হার কমেছে।

সিলেট বোর্ডেও ফলাফল পর্যালোচনায়ও দেখা গেছে, ফলাফলে সবচেয়ে পিছিয়ে আছে হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জ। গত বন্যায় এই জেলায়ই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। এবার সুনামগঞ্জ থেকে ২৯৭০০ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। তারমধ্যে ২৬০২৯ জন কৃতকার্য হয়। এ জেলায় পাসের হার ৮৭.৪৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৯৬৪ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে সিলেট বোর্ডে সুনামগঞ্জের অবস্থান সবার পেছনে। বোর্ডে সবার শীর্ষে থাকা সিলেট জেলায় পাশের হার ৯২.০৪ শতাংশ। সিলেটে ৪৮৯৪৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮৫০৫৪ জন। সিলেটে জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩৬৯২ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, সিলেট বোর্ডের অধীনে চার জেলার (সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভী বাজার) এক লাখ ৩৫ হাজার ২০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ  ২০ হাজার ৮৮২ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ৯ টি স্কুলের মধ্যে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে ১৭১ টি স্কুল। কেউ পাস করেনি এমন বিদ্যালয় নেই।

মোট  উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেডে ৩৫ হাজার ৪১৮ জন, এ মাইনাস গ্রেডে ২১ হাজার ৫১৪ জন, বি গ্রেডে ২৬ হাজার ১৪১ জন, সি গ্রেডে ৩৬ হাজার ১২২ জন ও ডি গ্রেডে ৪ হাজার ৬৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.