গোলাপগঞ্জ প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৭
সিলেটের গোলাপগঞ্জে এক তরুণ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ তরুণের নাম তানিম আহমদ (২২)।
শনিবার (৩০ ডিসেম্বর) রাত থেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে তার পরিবার। সে উপজেলার ঢাকা-দক্ষিণ ইউনিয়নের ফুলশাইন ফকিটিলার গ্রামের হেলাল আহমদের দ্বিতীয় পুত্র।
এ ঘটনায় তানিমের পিতা রোববার (৩১ ডিসেম্বর) সকালে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং ১৪০৫)।
জিডি ও পরিবার সূত্রে জানা যায়, তানিম আহমদ শনিবার সন্ধ্যার পর এশার নামাজ পড়তে বাড়ী থেকে বের হলে সে আর বাড়ী ফিরেনি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে বলেও জানা গেছে।
নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবী, টুপি ও হাত কাটা জ্যাকেট ছিল বলে জানিয়েছেন তানিমের পিতা হেলাল আহমদ।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসের জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, তানিমের সন্ধানের জন্য আশপাশ বিভিন্ন থানায় তারবার্তা পাঠানো হয়েছে। খুঁজ পাওয়া মাত্র তার পরিবারকে জানানো হবে।