হবিগঞ্জ প্রতিনিধি | ০১ জানুয়ারী, ২০১৮
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের গুলিতে কুখ্যাত মাদক সম্রাট ইউনুছ মিয়া নিহত হয়েছে। এ সময় ওই মাদক সম্রাটের ধারালো অস্ত্রের আঘাতে এক এসআই গুরুতর আহত হন। তাকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। রোববার রাত ১১টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের মাগুরউন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে চুনারুঘাট থানার এসআই আতাউর রহমান একজন কনস্টেবল নিয়ে ওই গ্রামে একজন আসামী ধরতে যান। সেখানে একটি ঘরে আসামী আছে সন্দেহে তারা ঢুকে পড়েন। এ সময় ওই ঘরে ৪ ব্যক্তি মাদক সেবন করছিল। তাদের একজন ছিল মাদক সম্রাট ইউনুছ মিয়া। তার ধারণা হয় পুলিশ হয়তো তাকে ধরতে এসেছে। তাৎক্ষণিক সে একটি ধারালো অস্ত্র নিয়ে ওই এসআইকে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় এসআই আতাউর রহমান নিজের পিস্তল থেকে গুলি ছুড়লে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আহত ওই পুলিশ কর্মকর্তাকেও উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন সহকারি পুলিশ সুপার রাজু আহমেদ।