Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে চার দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বানিয়াচং প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৮

স্বাস্থ্য বিভাগের সফলতা অর্জনের মূল কারিগর স্বাস্থ্য সহকারীরা তাদের পদমর্যাদা, টেকনিক্যাল বেতন স্কেলসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালে কর্মবিরতি পালন করেছে।

সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচী শুরু করেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দাবি সমন্বয় কেন্দ্রীয় পরিষদ ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মবিরতি পালিত হচ্ছে। বাংলাদেশ হেলথ এসোসিয়েশন বানিয়াচং উপজেলা শাখার আয়োজন এ কর্মসূচী পালন করে তারা। সংগঠনটি পক্ষ থেকে সরকারকে অবিলম্বে চার দফা দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়। অন্যথায় উপজেলায় ইপিআইসহ (টিকাদান) সব কার্যক্রম বন্ধ করে  অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবে তারা।

হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের চার দফা দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্য সহকারীদের বর্তমান পদকে দ্বিতীয় শ্রেণীর টেকনিক্যাল পোস্টে উন্নীত করা, মাঠ/ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০% হারে দেয়া, প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য ১ জনকে স্বাস্থ্য সহকারী নিয়োগ দেয়া, দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে নিয়োগ ও ১০% পোষ্য কোটা প্রবর্তন করা।

স্বাস্থ্য সহকারীরা জানান, ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই দাবিগুলো বাস্তবায়নের ঘোষণা দেন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর, অর্থ, জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের একাধিক কমিটির অনুকূল সিদ্ধান্ত থাকার সত্ত্বেও আদৌ তা বাস্তবায়ন হয়নি। তার এই ঘোষণার পরেও বাস্তবায়ন না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি পালন করছে তারা। এদিকে তাদের এই কর্মবিরতির ফলে উপজেলার স্বাস্থ্য সেবাসহ সকল টিকাদান কার্যক্রম বন্ধ থাকছে।

এ বিষয়ে অ্যাসোসিয়েশনের বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা জানান, দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। কর্মবিরতিতে উপস্থিত ছিলেন, সভাপতি স্বপন কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক কমল কান্ত দাস, কোষাধ্যক্ষ আতাউর রহমান, শাহীনা বেগম, তাসলিমা আক্তার, রোজিনা আক্তার, শেফা বেগমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বাস্থ্য সহকারীগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.