বড়লেখা প্রতিনিধি | ০১ জানুয়ারী, ২০১৮
স্মৃতি হয়ে গেল আরেকটি বছর। বিদায় নিয়েছে ২০১৭ সাল। বিদায়ী বছরটি মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী বড়লেখা উপজেলার জনজীবনে রেখে গেছে দু:খ দুর্ভোগের রেশ।
বছরের অন্তত ৮ মাস বন্যার সাথে লড়াই করেছেন হাকালুকি হাওর তীরের দুই লক্ষাধিক মানুষ। সেই সাথে মা-সন্তানসহ তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার, পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু, গলা কেটে স্ত্রীকে হত্যা, সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু, বন্যায় ফসলহানি, মাছের মড়ক ও জলাবদ্ধতায় পৌর শহরের ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতির ঘটনাগুলো বছর জুড়ে আলোচনা-সমালোচনায় মুখর ছিল।
দুর্যোগের ঘনঘটা: তিন দফা বন্যায় হাওরপারের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রথম দফা বন্যায় তলিয়ে যায় ধান, দেখা দেয় মাছের মড়ক। দ্বিতীয় দফা বন্যায় তলিয়ে যায় ঘরবাড়ি ও রাস্তা-ঘাট। নাভিশ্বাস উঠে উপজেলার বর্ণি, সুজানগর ও তালিমপুর ইউনিয়নবাসীর। এই ৩ ইউনিয়নে আফালে প্রায় দেড় সহস্রাধিক ঘরবাড়ির বিধ্বস্ত ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। সবমিলিয়ে বন্যায় হাওরপারের মানুষ বছরের অন্তত ৮ মাস চরম দুর্ভোগ পোহান। তাছাড়া এক বছরে পৌর এলাকায় জলাবদ্ধতায় ব্যবসায়ী ও বাসিন্দাদের ক্ষয়ক্ষতি ৫ কোটি টাকা ছাড়িয়ে যায়। বন্যায় তলিয়ে যাওয়া মৌলভীবাজার-চান্দগ্রাম (বড়লেখা) আঞ্চলিক মহাসড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পানি নেমে গেলেও আজও সংস্কার হয়নি গুরুত্বপূর্ণ আঞ্চলিক এই সড়কটি।
লাশ উদ্ধার: ২০১৭ সালের ১৯ ডিসেম্বর রাতে উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি গ্রাম থেকে কাতার প্রবাসী আকামত আলীর স্ত্রী মাজেদা বেগম, মেয়ে লাবণী বেগমের ঝুলন্ত লাশ ও মেঝে থেকে ছেলে ফারুক আহমদের লাশ উদ্ধার হয়। এই ঘটনাটি উপজেলাব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। ঘটনাটি পরিকল্পিত হত্যা বলেই প্রাথমিকভাবে পুলিশের ধারণা। ১৫ অক্টোবর পাল্লাতল চা-বাগানের ১০ নম্বর সেকশনের টিলার কাছে একটি গাছের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় এক কিশোরী ও এক তরুণের লাশ, ৪ জুন মুছেগুল গ্রামে ঢলের পানিতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্র রাকিবুল হাসানের লাশ উদ্ধার করা হয়। ৭ মার্চ ভাত দিতে দেরি করায় মায়ের সাথে অভিমান করে পিপলু বিশ্বাস নামে ১১ বছরের এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসব মিলিয়ে অন্তত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া শৌচাগারে পড়ে, বিদ্যুৎস্পৃষ্টে ও পানিতে ডুবে আরো ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
গৃহবধূসহ চার খুন: ২০১৭ সালের ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তালিমপুর ইউনিয়নের হরিনবদি গ্রামে দাম্পত্য কলহের জেরে স্ত্রী স্মৃতি রানি দাসকে গলা কেটে হত্যা করেন স্বামী বিধু ভূষণ দাস। ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাদেশের প্রায় ৩০০ ফুট অভ্যন্তরে পাথারিয়া সীমান্তের মাধবছড়া বিটের মোকামহান্ডর নামক স্থান থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের হত্যার শিকার হয়েছেন দাসেরবাজার ইউনিয়নের উত্তর সুড়িকান্দি গ্রামে রুজি বেগম ও পূর্ব শংকরপুর (চুলুপাড়া) গ্রামে রেসমা আক্তার।
সড়ক দুর্ঘটনা: ২০১৭ সালের ১৫ মার্চ রাত ১টার দিকে নারায়ণগঞ্জে বাস দুর্ঘটনায় বড়লেখা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নজরুল ইসলাম, ১৮ ফেব্রুয়ারি জুড়ী উপজেলার মানিকসিংহ এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে ইউপি সদস্য ফয়জুর রহমান ফজলু, ২৬ ডিসেম্বর রাতে উপজেলার গ্রামতলা (কালিবাড়ি বাজার) এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাহিদ আহমদ করিমসহ সড়ক দুর্ঘটনায় ৭জনের মর্মান্তিক মৃত্যু হয়।
এছাড়া নারী নির্যাতনের ঘটনায় ২১টি, আত্মহত্যার ঘটনায় ১০টি ও মাদক উদ্ধারের ঘটনায় থানায় ১৮টি মামলা হয়েছে।