Sylhet Today 24 PRINT

ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক |  ০১ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জের বাহুবলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো প্রায় ১০ জন। সোমবার বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, যাত্রীবাহি বাসটি অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মুদাহরপুর গ্রামের তোফান মিয়ার ছেলে শাহিন মিয়া (২৮), মসনদ আলীর ছেলে হেকিম মিয়া (২২) ও আব্দুল হামিদের ছেলে আবু রকিব (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, বিকলে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরি বাজার এলাকায় ঢাকা থেকে সিলেটগামী মেঘলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-৭৯১২) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাছ বোঝাই ট্রাকের সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। নিহতদের সকলেই বাস যাত্রী।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িদুটিকে জব্দ করলেও চালকদের পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.