নিজস্ব প্রতিবেদক | ০২ জানুয়ারী, ২০১৮
সিলেটে আবারও পাথর উত্তোলনকালে মাটি চাপায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলনকালে টিলা ধসে নিহত হয়েছেন ৪ শ্রমিক। মঙ্গলবার বিকেলে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক (এসআই) জুনেদ আহমদ, ৪ শ্রমিকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি বলে জানান জুনেদ।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল জানান, ৪টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।
মন্দিরের জুম এলাকার ওই গর্তের মালিক জাফলংয়ের নয়া বস্তি এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার বলে জানা গেছে।
সিলেটে অবৈধ ও অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনকালে ধারাবাহিকভাবেই প্রাণহানির ঘটনা ঘটে চলছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর হিসেবে ২০১৭ সিলেটে পাথর তুলতে গিয়ে মারা গেছেন ২৮ জন।