Sylhet Today 24 PRINT

জাহাজ বিল্ডিং ভাঙার নির্দেশ সিসিকের

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৮

সিলেট সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের বারখলা এলাকার রত্নারখাল ও জৈন্তারখালের দু’পাশ দখল করে নির্মিত জাহাজ বিল্ডিং ভাঙার নির্দেশ দিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে রত্নারখাল ও জৈন্তারখালের উপর নির্মিতব্য কালভার্ট ও গার্ডওয়ালের উদ্বোধনকালে এ নির্দেশ দেন তিনি। এ সময় ২৫ ও ২৬নং ওয়ার্ডের বারখলা, খায়েস্তরাইল, দাউদপুর, মুছারগাঁও ও ঝালপাড়া এলাকার বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে বারখলা রূপালী আবাসিক এলাকার বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে ঐ এলাকার মধ্য দিয়ে নতুন করে একটি ড্রেন খননের উদ্যোগ নেন মেয়র। পরে দাউদপুর, মুছারগাঁও এলাকার হযরত আকিল শাহ (রহ.) এর মাজার সংলগ্ন এলাকার ড্রেন পরিদর্শন করেন মেয়র।

এ সময় স্থানীয় ওয়ার্ডবাসীরা মেয়রের কাছে জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যা কথা তুলে ধরেন। মেয়র তাদের দাবির প্রেক্ষিতে দ্রুত এসব এলাকার খাল, নালা ও কালভার্ট পরিষ্কার ও নির্মাণের নির্দেশ দেন করপোরেশনের কর্মকর্তাদের।

পরে মেয়র ঝালপাড়া সড়ক প্রশস্থকরণ কাজ পরিদর্শন করেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও শামছুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.