ছাতক প্রতিনিধি | ০২ জানুয়ারী, ২০১৮
ছাতকে এক কলেজ ছাত্রীকে তাঁর মা হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা। গত ২৫ ডিসেম্বর রহস্যজনকভাবে মারা যান ছাতক কলেজের অনার্সের শিক্ষার্থী মারজিয়া আক্তার জলি।
মঙ্গলবার (২ জানুয়ারি) জলির বাবা রিকশা চালক বাবুল মিয়া ছাতক প্রেসক্লাবে এসে অভিযোগ করেন- অসামাজিকতার প্রতিবাদ করায় তাঁর স্ত্রী মেয়েকে হত্যা করেন।
বাবুল মিয়া বলেন, পৌর শহরের শিবটিলা এলাকার সরকারি আবাসিক কোয়ার্টারে (ফাড সেন্টার) ২০১৭সালের ২৫ডিসেম্বর তাকে হত্যা করা হয়।
বাবুল মিয়া বলেন, মেয়েকে হত্যার পর পুলিশকে না জানিয়েই লাশ ছাতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু ঘটনাটি রহস্যজনক থাকায় হাসপাতাল থেকে জানানোর পর পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্যে লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, ছাত্রীর মৃত্যুর ঘটনা রহস্যজনক। রহস্য উদঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে।