Sylhet Today 24 PRINT

রোববার থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুন, ২০১৫

সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি সেতুর অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে রোববার থেকে ওই সড়কে ৪৮ ঘণ্টা ধর্মঘট আহ্বান করেছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল গফুর সংবাদমাধ্যমে পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান।

এতে বলা হয়, শনিবার বিকেলে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত সভা থেকে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। সভায় শ্রমিক ইউনিয়নের সাবেক নেতাসহ বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় নেতারা জানান, কোনো প্রকার আলোচনা ছাড়া লামাকাজি সেতুর টোল বাড়ানো হয়েছে। এতে ট্রাকসহ সব যানবাহনের চালক-মালিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই বর্ধিত টোল আদায় বন্ধের দাবিতে রোববার থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে ধর্মঘট ডাকা হয়েছে।

ধর্মঘট চলাকালে ওই সড়কে সবধরনের ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.