সিলেটটুডে ডেস্ক | ০৩ জানুয়ারী, ২০১৮
লিভারের জটিল রোগে আক্রান্ত বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখার সাবেক সভাপতি ইকবাল মনসুরের চিকিৎসার্থে ‘ইকবাল মনসুর ট্রিটমেন্ট ফান্ড’ সহায়তা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর জিন্দাবাজার এলাকায় সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
দৈনিক শ্যামল সিলেট’র প্রধান আলোকচিত্র সাংবাদিক ইকবাল মনসুর লিভারে সংক্রমনে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতে দিল্লীর এশিয়ান হাসপাতালে লিভার ও ক্যান্সার বিশেষঞ্জ ডা: রাম চন্দ্র সনি ও ডা: ইরফান আলী সেরা এর অধীনে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা দ্রুত তাঁর লিভার ট্রান্সপ্লান্টের পরামর্শ দিয়েছেন। এজন্য প্রায় ৫০ লক্ষ টাকা প্রয়োজন।
এই অর্থ সংগ্রহে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখার সভাপতি আব্দুল বাতিন ফয়সলকে আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আশকার আমিন লস্কর রাব্বিকে সমন্বয়ক করে ‘ইকবাল মনসুর ট্রিটমেন্ট ফান্ড’ নামে এই কমিটি গঠন করা হয়। মঙ্গলবারের সভার সিদ্ধান্ত মোতাবেক চিকিৎসা সহায়তা সংগ্রহে একই নামে একটি ব্যাংক হিসাবও খোলা হয়। যার নম্বর- ৪১৪৪১০১০৩৯৫৯১, পূবালি ব্যাংক।
চিকিৎসা সহায়তা সংগ্রহে এই কমিটি আগামী শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় জিন্দাবাজারের নজরুল একাডেমিতে সিলেটের রাজনীতি, পেশাজীবীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে বৈঠক করবে।
মঙ্গলবারের সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল মুকিত, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়েছ খছরু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, ইমজার সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, চ্যানেল নাইনের স্টাফ রিপোর্টার দেবাশীষ দেবু, সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাওসার চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আশকার আমিন লস্কর রাব্বি, লন্ডন-বাংলা চেম্বারের পরিচালক গোলাম কিবরিয়া ওয়েছ, সাংবাদিক আবু বকর, ব্যবসায়ী মতিউর রহমান মতিন ও হেলাল আহমদ।