Sylhet Today 24 PRINT

বড়লেখায় মেছোবাঘ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রাম থেকে একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে সায়পুর (ফতেবাগ চা বাগান) গ্রামের মোছাব্বির মিয়ার বাড়ি থেকে মেছোবাঘটি উদ্ধার করে নিয়ে আসে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এদিন সন্ধ্যার দিকে উদ্ধার হওয়া মেছোবাঘটিকে বড়লেখা উপজেলার মাধবকুণ্ড ইকোপার্ক এলাকায় অবমুক্ত করা হয়।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি এলাকা সায়পুর গ্রামের বিভিন্ন বাড়ির হাঁস-মোরগ খেয়ে ফেলায় মেছোবাঘটিকে ধরার জন্য ফাঁদ দেওয়া হয়েছিল। আর পেতে রাখা এ ফাঁদেই ধরা পড়ে বুধবার মেছোবাঘটি। মেছোবাঘটি দৈর্ঘ্যে আনুমানিক তিন ফুট লম্বা হবে জানায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হাকালুকি হাওরের হাললা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিয়া মো. জয়নাল আবেদীন মেছোবাঘ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যায় বলেন, ‘মেছোবাঘটিকে মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.