Sylhet Today 24 PRINT

ছাত্রদল নেতা শিমু হত্যায় ৫২ ঘন্টা পর মামলা, প্রধান আসামী নাবিল রাজা

নিজস্ব প্রতিবেদক |  ০৪ জানুয়ারী, ২০১৮

অবশেষে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক আবুল হাসনাত শিমু হত্যার ঘটনায় থানায় মামলা (নং-৭) দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ৫২ ঘন্টা পর বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় শিমুর মামা তারেক আহমদ লস্কর বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় মহানগর ছাত্রদল নেতা নাবিল রাজা চৌধুরীকে প্রধান আসামী করে দায়ের করা মামলায় ২০/৩০ জনকে আসামী করা হয়েছে। মামলায় মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মেরাজকেও আসামী করা হয়েছে বলে জানিয়েছে ছাত্রদলের একটি সূত্র।

মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বলেন-মামলায় ২০-৩০জনকে আসামী করা হয়েছে। পুলিশ মামলার এজহার নামীয় আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

তিনি আরও জানান- ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা থেকে সিমু হত্যার কোন ভিডিও ফুটেজ পুলিশ পায়নি।

উল্লেখ্য, গত সোমবার (১ জানুয়ারি) বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত শিমুকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেলেই মারা যান শিমু।

গত মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ সিমুর ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করলে বিকেলে শাহি ঈদগাহ ময়দানে তার জানাজা সম্পন্ন হয়।

ওই দিনই এশার নামাজের পর দরগাহ মসজিদে তার দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কবরস্থানে দাফন করা হয়। শিমু নগরের আরামবাগ এলাকার ২২ নম্বর বাসার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে  বিবাহিত শিশু জান্নাত নামে ৫ বছরের এক কন্যা সন্তানের জনক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.