Sylhet Today 24 PRINT

এমসি কলেজ ছাত্রলীগের সশস্ত্র মহড়া, ক্যাম্পাসে উত্তেজনা

এমসি কলেজ প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০১৮

ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের উত্তেজনা দেখা দিয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালের দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা-কর্মীদের দা হাতে মহড়া দিতেও দেখা গেছে।

এ তথ্য নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সূত্রে জানা যায়, টিলাগড়ে রায়হান গ্রুপের নেতা-কর্মীদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে না দিতেই এমসি কলেজ ছাত্রলীগ এ সশস্ত্র মহড়া দিচ্ছে। এতে সকাল ১১ টা ১৫ মিনিটে এসে যোগ দেয় সরকারি কলেজ ছাত্রলীগ।

সূত্র আরো জানায়, সকাল ৯টা থেকে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচী পালনের কথা থাকলেও তারা তা না করে রায়হান গ্রপের নেতা-কর্মীদের প্রতিহত করতে কলেজে অবস্থান নেয় কলেজ ছাত্রলীগ। এদিকে ক্যাম্পাসে ধুকতে মরিয়া আজাদ গ্রুপ। কলেজের বাহিরে ভিতরে ২ গ্রুপের অবস্থান নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে এমসি কলেজে। এদিকে কলেজে আজ দুপুর ১টায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা হয়েছে। এ পরিস্থিতিতে সাধারণ ছাত্র ছাত্রীদের মনে আতঙ্ক বিরাজ করছে।

উদ্ভূত পরিস্থিতিতে এমসি কলেজ এলাকায় বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করেছে শাহপরান থানা। টিলাগড় পয়েন্ট, কলেজ ক্যাম্পাসে পুলিশ ভ্যান ও লেগুনা দিয়ে টহল দিচ্ছে পুলিশ। টিলাগড় এলাকা ও কলেজের প্রতিটি পয়েন্টে অবস্থান করছে পুলিশ সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.