Sylhet Today 24 PRINT

জাফলংয়ে পাথর শ্রমিক নিহতের ঘটনায় এসআই ক্লোজ

নিজস্ব প্রতিবাদক  |  ০৪ জানুয়ারী, ২০১৮

সিলেটের জাফলংয়ে পাথর শ্রমিক নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআইকে (উপ পরিদর্শক) ক্লোজ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে এসআই মতিউর রহমানকে ক্লোজ করা হয় বলে সিলেটটূডে টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সামসুল আলম সরকার।

তিনি জানান, জাফলংয়ে পাথর উত্তোলনের সময় গর্তে মাটি চাপা পড়ে শ্রমিক নিহতের এলাকার নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআই মতিউর রহমান। দ্বায়িত্বে অবহেলার কারণে তাকে ক্লোজ করা হয়।

গত মঙ্গলবার বিকেলে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় পাথর তুলতে গিয়ে মাটি ধ্বসের ঘটনায় ৫ শ্রমিক নিহত হয়। এদের মধ্যে ৩ জনই একই পরিবারের। নিহতদের চারজনে বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে। অন্যজনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। জাফলংয়ের মন্দিরের জুম এলাকা থেকে পাথরখেকো একটি চক্র ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলন করে আসছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.