নিজস্ব প্রতিবেদক | ০৬ জানুয়ারী, ২০১৮
চলতি বছরের এপ্রিল-মে মাসে হবে সিলেট সিটি কর্পোরশেন নির্বাচন। কারা হচ্ছেন সিসিকের মেয়র প্রার্থী তা চুড়ান্ত হয়নি। তবে দুই প্রধান দলেই একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে সরব রয়েছেন।
সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ক্রীড়া সংগঠক মাহিউদ্দিন সেলিমও। ক্ষমতাসীন দল থেকে প্রার্থী হওয়ার চেষ্টা চলাচ্ছেন তিনি। তবে এসব পুরনো খবর। নতুন খবর হলো মাহিউদ্দিন সেলিমকে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন খোদ প্রদানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে গণভবনে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে নারী ফুটবলারদের সঙ্গে ছিলেন বাফুফে কর্মকর্তারা। সেখানে পরিচয়পর্বে মাহিউদ্দিন আহমদ সেলিম যখন নিজের পরিচয় দিচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, তোমাকে চিনি আমি।’
এ সময় জাতীয় দলের সাবেক ফুটবলার ও বাফুফে সদস্য মো. ইলিয়াস প্রধানমন্ত্রীকে বলেন, ‘মাহিউদ্দিন সেলিম সিলেট সিটি নির্বাচন করতে চান।’ বাফুফের অন্য কর্মকর্তারাও ইলিয়াসের ওই কথায় সায় দেন। তখন প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান মাহিউদ্দিন সেলিম। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কাজ চালিয়ে যাও। আমার দোয়া রইল।’
গণভবনে ওই সময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জাতীয় দলের সাবেক ফুটবলার ও বাফুফে সদস্য মো. ইলিয়াস বলেন, ‘গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেট সিটি নির্বাচনসংক্রান্ত কথা হয়েছে। মাহিউদ্দিন আহমদ সেলিম প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান। প্রধানমন্ত্রী তাঁকে মাঠে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।’
সিলেট সিটি নির্বাচন প্রসঙ্গে মাহিউদ্দিন সেলিম বলেন, ‘প্রধানমন্ত্রী চাইলে আমি নৌকা প্রতীক নিয়ে সিটি নির্বাচন করতে প্রস্তুত আছি। এর বাইরে আমার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা নেই। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি আমি ক্রীড়া ও সমাজসেবায় কাজ করছি। সিলেটের মানুষও আমাকে সিটি নির্বাচন করতে উদ্বুদ্ধ করছেন।’ প্রধানমন্ত্রীর দোয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনই এ বিষয়ে বলতে চাই না। পরে বলব।’
বাফুফের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম ছাড়াও আওয়ামী লীগ থেকে এবার মেয়র পদে মনোনয়ন দৌড়ে রয়েছেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও শিক্ষাবিষয়ক সম্পাদক, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।