Sylhet Today 24 PRINT

‘এক সপ্তাহের মধ্যে সিলেট-ভোলাগঞ্জ সড়ক চলাচলের উপযোগী হবে’

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৮

সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বলেছেন, আগামী ১ সপ্তাহের মধ্যে সিলেট-ভোলাগঞ্জ সড়ক চলাচলের উপযোগী করা হবে। পরবর্তী ২ মাসের মধ্যে সড়কের কাজ পুরোপুরি শেষ হবে।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে সিলেট - ভোলাগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে চৌহাট্টাস্থ সড়ক ও জনপথ কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী বরাবরে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের স্মারকলিপি গ্রহণ কালে তিনি এই আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি ইফতেখার আহমদ সোহেল, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক পলক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, দফতর সম্পাদক আফজল আহমদ চৌধুরী, সদস্য নুর আহমদ খান সাদেক, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর সভাপতি দিলু মিয়া প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, প্রায় সাড়ে ৪শ’ কোটি টাকা বরাদ্দের এক বছর পেরিয়ে গেলেও, আজও শুরু হয়নি সিলেট-ভোলাগঞ্জ সড়কের সংস্কার কাজ। গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন পুরোপুরি যান-চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কার না করায় ৩৭ কিলোমিটার সড়কের পুরোপুরি পুকুরের মতো বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তিন উপজেলার জনসাধারণ। সিলেট-ভোলাগঞ্জ ৩৭ কিলোমিটার সড়কের পুরোটাতেই বিশাল বিশাল গর্ত। গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে অনেক আগেই যাত্রীসেবা বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা। অল্প সংখ্যক সিএনজি অটোরিক্সা চললেও গর্তে পড়ে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, রাস্তার বেহাল দশার মধ্যে গর্ভবতী মায়েদের হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তির শিকার হতে হয়। আর ব্যবসায়ীদের ক্ষতির সীমা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.