ছাতক প্রতিনিধি | ০৭ জানুয়ারী, ২০১৮
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন দেশের সার্বিক উন্নয়নে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই।
শনিবার সন্ধ্যায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ড গোয়াশপুর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ছাতক-দোয়ারায় বিগত ৫বছরের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে মুহিবুর রহমান মানিক বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ খাতে ছাতক-দোয়ারায় অভূতপূর্ব উন্নয়ন করেছে। এরই ধারাবাহিকতায় ছাতক-দোয়ারায় দুটি কলেজের স্থলে আজ ১৭টি কলেজ, চিকিৎসা সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে প্রতি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক‚ ২০১৯ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন সহ শত কোটি টাকার গ্রামীণ রাস্তার উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও বঙ্গবন্ধুর প্রতীক নৌকা মার্কার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
গোয়াশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের সংগঠক প্রবাসী কমিউনিটি নেতা সিদ্দেক আলীর সভাপতিত্বে ও মাষ্টার জমির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ছানাউর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি আওলাদ আলী রেজা, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হুসেন, এড আশিক আলী, সাবেক ইউপি চেয়ারম্যান সুন্দর আলী. গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি আওয়ামী লীগের সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, রইছ আলী, সমরুজ আলী, ইউপি সদস্য রাজন তালুকদার, আনর আলী, মুরব্বী মকবুল হুসেন, রুহুল আমিন প্রমুখ।