Sylhet Today 24 PRINT

তানিম হত্যার ঘটনায় তিন ছাত্রলীগ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জানুয়ারী, ২০১৮

সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগ কর্মী তানিম খান হত্যার ঘটনায় তিন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে হত্যাকাণ্ডের পর টিলাগড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।

তিনি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, তানিম হত্যার ঘটনায় জাকির আহমদ, রুহেল আহমদ ও সৈয়দ আবিদ আহমদ নামে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঘটনায় রোববার রাত পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি।

রোববার রাত পৌনে নয়টার দিকে নগরীর টিলাগড় এলাকায় রাজমহলের সামনে প্রতিপক্ষ গ্রুপের হামলায় তানিম খান নামের এই ছাত্রলীগকর্মী খুন হন।

নিহত তানিম খান ছাত্রলীগের হিরন মাহমুদ নিপু গ্রুপের কর্মী বলে জানা গেছে। সিলেটের মেজরটিলা এলাকায় একটি মেসে থাকতেন তানিম।  

নিহত তানিম সিলেটের ওসমানি নগর উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামের ইসরাইল খানের পুত্র বলে জানা গেছে। সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সের শিক্ষার্থী ছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.