ছাতক প্রতিনিধি | ০৮ জানুয়ারী, ২০১৮
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা হকনগর স্মৃতিসৌধ এলাকাটি পর্যটন এলাকা হিসেবে পরিচিত।
কিন্তু এখন পর্যটনের সৌন্দর্য নষ্ট হচ্ছে অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে। সরকারের নির্দেশে বাঁশতলা এলাকায় পাথর উত্তোলন নিষিদ্ধ থাকলেও রাতের আধাঁরে চলছে পাথর উত্তোলন। ফলে বাঁশতলা এলাকার সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে।
জানা গেছে, পাথর উত্তোলন করে পরিবহনের জন্য সীমান্ত ঘেষা বাঁশতলা হকনগর বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তাটি ব্যবহার করছে পাথরখেকোরা।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, পাথর উত্তোলন করছেন বাঁশতলা এলাকার মানিক মাস্টার, বশির উদ্দিন, নজরুল ইসলাম, মজিদ মিয়া, ফজলু মিয়া, জুয়েল, আল-আমিন, আব্দুল কাদির, হাছন আলী, মনির উদ্দিন, হাছিব উদ্দিন, খুরশেদ আলম, সমছু মিয়া, রাশিদ আলী, সফর আলী।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, ‘বাঁশতলা
এলাকার পাথর উত্তোলন নিষিদ্ধ রয়েছে। যে বা যারা অবৈধ পন্থায় পাথর উত্তোলন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।'
দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক বলেন, বাঁশতলা এলাকাটি মহান মুক্তিযুদ্ধের ৫ নং সেক্টরের সদর দপ্তর এলাকা। এই এলাকার সৌন্দর্য রক্ষা করার জন্য আমরা যা যা দরকার তাই করব। প্রশাসনের প্রতি আমাদের দাবি যে বা যারা এই এলাকার পাথর উত্তোলন করে এলাকার সৌন্দর্য নষ্ট করছে তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেয়া হয়।