Sylhet Today 24 PRINT

ছাত্রলীগকর্মী খুনের জেরে অচল দুই শিক্ষা প্রতিষ্ঠান

এমসি কলেজ প্রতিনিধি |  ০৮ জানুয়ারী, ২০১৮

টিলাগড় ছাত্রলীগের অভ্যন্তরীণ জেরে রোববার রাতে এক ছাত্রলীগকর্মী খুনের জের ধরে ডাকা ছাত্রধর্মঘটে অচল হয়ে পড়েছে এমসি কলেজ ও সিলেট সরকারী কলেজ ক্যাম্পাস।

রোববার (৭ জানুয়ারি) রাত পৌনে নয়টায় অতর্কিত হামলায় সিলেট সরকারী কলেজ ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও আওয়ামীলীগ নেতা রণজিৎ সরকার গ্রুপের ছাত্রলীগকর্মী তানিম খান খুনের ঘটনায় রাতেই নগরীর চৌহাট্টায় বিক্ষোভ করে ছাত্রলীগ।

সরকারী কলেজ ছাত্রলীগকর্মী তানিম খান হত্যার ঘটনায় টিলাগড় কেন্দ্রিক আজাদ গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত অভিযোগ করে এর বিচার চেয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে রণজিৎ সরকার অনুসারী ছাত্রলীগ।

ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে ডিগ্রী পাস প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে আজ স্নাতক দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ফরম ফিলাপের শেষ দিন থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ক্যাম্পাস ঢুকতে দিচ্ছেন না ছাত্রলীগ নেতাকর্মীরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, এমসি কলেজ ও সিলেট সরকারী কলেজের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। রণজিৎ সরকার অনুসারী ছাত্রলীগ নেতা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী বলেন, তানিম হত্যার বিচার চেয়ে ডাকা অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘট চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.