Sylhet Today 24 PRINT

সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে ছাত্রলীগের অবস্থান

এমসি কলেজ প্রতিনিধি |  ০৮ জানুয়ারী, ২০১৮

টিলাগড় ছাত্রলীগের অভ্যন্তরীণ জেরে রোববার রাতে এক ছাত্রলীগকর্মী খুনের জের ধরে ডাকা ছাত্রধর্মঘটের মধ্যেই সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেছে ছাত্রলীগ।

সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকে এমসি কলেজের প্রধান ফটকের সামনের টায়ার পুড়িয়ে সড়ক অবোরোধ করে তারা। অবরোধের কারণে তামাবিল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এই হত্যাকাণ্ডের জন্য তানিমের সহকর্মীরা মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের অনুসারী জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর নেতৃত্বাধীন ছাত্রলীগের গ্রুপের নেতাকর্মীদের দায়ি করছেন।

হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এদিকে সোমবার সকালে অবরোধ চলাকালে এমসি কলেজ ও টিলাগড়ের বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় দোকান মালিকরা। অন্যদিকে বিক্ষোভকারীরা এমসি কলেজ খেলার মাঠে চলমান কাউন্সিলার আজাদ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ক্রিকেট ম্যাচ বন্ধ করে দেয়। তারই সাথে মাঠে থাকা প্যান্ড্যাল ভাঙচুর করে।

এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, “অবস্থার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।”

প্রসঙ্গত, ছাত্রলীগ কর্মী তানিম হত্যার প্রতিবাদে সকাল থেকে এমসি কলেজ ও সরকারি কলেজে অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগ। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে এমসি কলেজ কর্তৃপক্ষ সোমবারের স্নাতক শ্রেণীর পরীক্ষা স্থগিত করেছেন কলেজ কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.