Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ৬০০ পাওয়ার জেল ডেটোনেটর উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জানুয়ারী, ২০১৮

সিলেটের কানাইঘাটে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ  তিনজনকে আটক করেছেন র‌্যাব ৯ সদস্যরা। আটককৃতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার বহালাবাদি গ্রামের এতিম আলীর পুত্র ইব্রাহীম (৪০), একই উপজেলার সোনারতন গ্রামের মোঃ কাহির মিয়ার পুত্র আশিক (১৯) ও একই এলাকার হরজাইল মিয়ার পুত্র রায়হান (২০)।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে সিলেট র‌্যাব ৯ সদর দপ্তরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ জানুয়ারি) বিকেলে সিলেটের কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজার এলাকা থেকে  ইব্রাহীম, আশিক ও রায়হানকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৩০০ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল, সাদা তার সমেত ৩০০ পিস ইলেকট্রিক ডেটোনেটর, ১ টি কালো রংয়ের পুরাতন সিম্ফনি মোবাইল ফোন  ও ১ টি কালো রংয়ের পুরাতন উইনমেক্স মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আটককৃতদের তথ্য অনুযায়ী এ বিস্ফোরক দ্রব্যগুলো মূলত ভারতের মেঘালয় রাজ্যে কয়লাখনিতে ব্যবহার হয়ে থাকে। কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে আটককৃতদের হাত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। একই জাতীয় বিস্ফোরক সমূহ পূর্বে আটককৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধারকৃত বিস্ফোরকের সাথে হুবহু মিল রয়েছে, যা থেকে বুঝা যায় এই বিস্ফোরক দ্রব্য সমূহ জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত হত।

তিনি আরো জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যমতে, ৩/৪ জন পলাতক সহযোগীদের ব্যাপারে প্রাপ্ত তথ্যানুসারে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এই ধরণের জঙ্গি তৎপরতা প্রতিহত করা এবং যে কোন ধরণের নাশকতা, ধ্বংসাত্মক ও হিংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.